ক্লাস-পরীক্ষা বর্জন
আট দফা দাবিতে রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
Printed Edition
রংপুর ব্যুরো
স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবি ৯ মাসেও বাস্তবায়ন না হওয়ায় রংপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। গতকাল সোমবার তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা তাজহাট মোড়ে রংপুর-কুড়ি গ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই অবরোধে লালমনিরহাট ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সুস্মিতা বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কোনো বিলাসিতা নয়, এটি তাদের অধিকার। তিনি বলেন, বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেয়া তাদের পক্ষে সম্ভব নয়।
পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মাঈশা আখতার মুক্তি বলেন, বৈষম্যের বিরুদ্ধে জুলাই আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে কৃষি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সরকারের পক্ষ থেকে আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও ৯ মাসেও তা বাস্তবায়ন হয়নি। পরিকল্পিতভাবে তাদের দাবি উপেক্ষা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আন্দোলনকারী শিক্ষার্থী ছামিউল ইসলাম বলেন, ১৭ দিনের আন্দোলনের পর গত ২১ এপ্রিল কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু পরে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছে। দাবি আদায় না হলে কর্মসূচি আরো কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোসাদ্দেক হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, কৃষিপ্রধান দেশে কৃষিশিক্ষা অবহেলিত হওয়া দুঃখজনক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর গেজেট প্রকাশ, নিয়মিত নিয়োগ, শিক্ষক সঙ্কট নিরসনসহ আট দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।