আদমদীঘিতে রাজনৈতিক প্রভাবে অনুমোদনহীন ইটভাটাষ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

Printed Edition
banlga-7
আদমদীঘিতে রাজনৈতিক প্রভাবে অনুমোদনহীন ইটভাটাষ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিবেশ আইন উপেক্ষা করে অধিদফতরের অনুমোদন ছাড়াই প্রকাশ্যে পরিচালিত হচ্ছে একাধিক ইটভাটা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এসব ইটভাটায় ইট পোড়ানো ও বিক্রির কার্যক্রম চলছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য।

উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের তিলোকপুর সড়কসংলগ্ন এলাকায় মোতালেব হোসেনের মালিকানাধীন ‘ডিজিএম’ নামের একটি ইটভাটা কয়েক বছর ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ ফসলি জমি ও বসতবাড়ির পাশে অবস্থিত এই ভাটাটি পরিবেশ আইন লঙ্ঘন করে নিয়মনীতি উপেক্ষা করে চলছে। জেলা পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ইটভাটাটির কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশগত ছাড়পত্র নেই।

স্থানীয়রা জানান, শুধু ‘ডিজিএম’ ইটভাটাই নয়, আদমদীঘি উপজেলায় বাবলুর দু’টি ইটভাটা ও আরোয়া এলাকাসহ অন্তত আরো তিনটি ইটভাটার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

ইটভাটা থেকে নির্গত ঘন ও বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান, সবজি ও অন্যান্য ফসল। অনেক জায়গায় গাছপালা শুকিয়ে যাচ্ছে। ধোঁয়ার কারণে পথচারীদের চোখে জ্বালা-পোড়া, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দেশজুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চললেও আদমদীঘিতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় প্রশাসন বিষয়টি এড়িয়ে চলছে বলেও কেউ কেউ মনে করছেন। উল্লেখ্য, ২০২১ সালে ওই ইটভাটায় অভিযান চালিয়ে প্রশাসন ২০ লাখ টাকা জরিমানা ও চুল্লি ভেঙে দিলেও অল্প সময়ের মধ্যেই তা আবার চালু হয়।

এ বিষয়ে ডিজিএম ইটভাটার মালিক মোতালেব হোসেন বলেন, পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে, নবায়নের জন্য আবেদন করা হয়েছে। বগুড়া পরিবেশ অধিদফতরের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।