রাজাপুরে সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে
Printed Edition
নামুল হক রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুরে অতি প্রয়োজনীয় একটি সড়ক ধসে খালে বিলীন হয়ে যাওয়ায় তিন গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত বিপর্যয়ের মুখে পড়েছে। মাত্র এক বছর আগে নির্মিত সড়কটির অর্ধেকের বেশি অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় যান বাহন চলাচলে বিঘœ ঘটছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে পুরোপুরি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামের খায়েরহাট এলাকায় খালের দণি পাড়ের এই সড়কটি গত দুই দিন আগে হঠাৎ করেই ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খালের তীব্র স্রোতে সড়কের নিচের মাটি সরে গিয়ে প্রায় ৫০ ফুট অংশ খালে বিলীন হয়ে যায়। এতে সড়কটি ফেটে দুই ভাগ হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো: মাহমুদুল হাসান খান হিরণ বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। খায়েরহাট এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্কুলগামী শিার্থী, সবাই এ পথে যাতায়াত করে। এখন মালামাল নিয়ে হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে যাত্রীবাহী ছোট যানবাহনগুলো ধসে পড়া অংশের এক পাশ দিয়ে ধীরে ধীরে চলাচল করছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলা কিংবা সামান্য অসতর্কতায় যেকোনো বাহন খালে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রশাসনিক অলসতায় যদি আর সময় নষ্ট হয়, তাহলে এই সড়ক পুরোপুরি অচল হয়ে যাবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, স্রোতে মাটি সরে গিয়ে সড়ক ভেঙে গেছে। জরুরি সংস্কারের জন্য বরাদ্দ নেই। বরাদ্দ পেলে দ্রুতই কাজ শুরু করা হবে।