মৌলভীবাজারে আসন বণ্টনে পাল্টে যাবে ভোটের সমীকরণ
Printed Edition
মৌলভীবাজার প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পথে থাকলেও মৌলভীবাজারের দু’টি আসনে প্রার্থী বদলের খবরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার-৩ ও ৪ আসনে জোটগত সমঝোতার কারণে দৃশ্যপট বদলে যাওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ছে। ফলে এই দুই আসনে ভোটের হিসাব নতুন করে কষা শুরু হয়েছে।
জোটের সিদ্ধান্ত অনুযায়ী, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন জামায়াতের দখলেই থাকছে। তবে জেলার গুরুত্বপূর্ণ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন খেলাফত মজলিসকে এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন বাংলাদেশ খেলাফত মজলিস বা শরিক দলকে ছেড়ে দেয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এতে করে দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা জামায়াত প্রার্থীরা অনিশ্চয়তার মুখে পড়ছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা নিয়ে গঠিত হয়েছে চারটি সংসদীয় আসন। চারটি আসনেই জামায়াত গত (২০২৫ সাল) বছরের মার্চ মাসের প্রথম দিকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে। তখন থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রকৌশলী সায়েদ আলী, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আব্দুর রব জামায়াত প্রার্থী হিসেবে জনসংযোগ করে আসছিলেন। ১১ দলীয় জোট রক্ষায় জামায়াত জেলার ১ ও ২ আসন রেখে বাকি দু’টি আসন খেলাফত মজলিসকে দিয়ে দেয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসপ্রার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ বিলাল। সংগঠনের পক্ষ থেকে মৌখিকভাবে প্রার্থিতার বিষয়টি জানলেও লিখিত কিছু হাতে এখনও আসেনি। তিনি আরো জানান, জেলার ১ ও ২ আসন জামায়াত, ৩ আসন খেলাফত মজলিস ও ৪ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেয়া হলেও এনসিপির সাথে এ নিয়ে টানাপড়েন চলছে।
এ দিকে, জামায়াত প্রার্থী মো: আব্দুল মান্নান বলেন, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেয়ার বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।
জেলা জামায়াতের আমির প্রকৌশলী মো: সায়েদ আলী বলেন, মৌলভীবাজার-৩ ও ৪ আসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে নানা আলোচনা চোখে পড়ছে। তবে দলীয়ভাবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী নূরে আলম হামিদী জানান, জোটের সিদ্ধান্তে এই আসন তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ বলেন, এ আসন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। স্থানীয়ভাবে এনসিপির নেতাকর্মীদের দাবি, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় প্রীতম দাশের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। সব মিলিয়ে জোটের আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তা ও প্রার্থী বদলের গুঞ্জনে মৌলভীবাজারের ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।