‘ড্রাইভিং সিটে বউ-শাশুড়ি’তে ডলি জহুর ও দীপা

Printed Edition
Bino-5
‘ড্রাইভিং সিটে বউ-শাশুড়ি’তে ডলি জহুর ও দীপা

বিনোদন ডেস্ক

নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের সাথে বহু নাটকে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তবে এই সময়ে এসে একসাথে নাটকে খুব বেশি কাজ করা হয় না। তবে এরই মধ্যে নতুন একটি নাটকে অভিনয় করেছেন ডলি জহুর ও দীপা খন্দকার। নাটকটির শুটিংয়ের কাজ এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি মূলত ‘এমএসএম ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এটি রচনা ও নির্মাণ করেছেন এমএসএম টিম। জানা গেছে, নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘নামটা শুনেই কিছুটা হলেও অনুধাবন করা যায় গল্পটা কেমন হতে পারে। মূলত এই নাটকে ড্রাইভার চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিই শাশুড়ি আর বউয়ের মাঝে নানান রকমের সমস্যা সৃষ্টি করার জন্য নানান ধরনের কাজ করে থাকেন। সাধারণত বউ আর শাশুড়ির মধ্যে যে ধরনের সমস্যা হয় সেসব সমস্যাকেই আরো নানান কথার মাধ্যমে, নানান বুদ্ধির মধ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করে। গল্পটি বেশ উপভোগ্য। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ দীপা খন্দকার বলেন, ‘এমএসএম টিম চেষ্টা করেছে নাটকটি যতœ নিয়ে নির্মাণ করতে। যেহেতু বউ-শাশুড়ির নানান দ্বন্দ্বকে ঘিরেই নাটকের গল্প, তাই অভিনয়টা বেশ উপভোগ করেছি। আর ডলি আন্টির সাথে তো আমি বহু নাটকে অভিনয় করেছি। একটি সময় ছিল যখন আমরা প্রতিনিয়তই নাটকে অভিনয় করতাম, এখন তা অনেক কমে গেছে। তারপরও যখন একসাথে কাজ করি চমৎকার সময় কাটে আমাদের। এই নাটকে কাজ করার সময়ও ঠিক তাই হয়েছে।’ এদিকে ডলি জহুর জানান, এরই মধ্যে তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আবুল হায়াতের সাথে ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের কাজ শেষ করেছেন। এদিকে দীপা অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটি আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকটি এই সময়ের বেশ আলোচিত।