আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে পার্কটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, নগরবাসীর জন্য আধুনিক ও স্বাস্থ্যকর বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ বিনোদন, পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।