সেনা-পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, ঘোড়াঘাটে সক্রিয় অনলাইন প্রতারক চক্র

Printed Edition

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভুয়া সেনা ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। একটি সঙ্ঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র টার্গেট করে এ কার্যক্রম চালাচ্ছে।

জানা যায়, প্রথমে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্ভাব্য ভুক্তভোগী বাছাই করে। এরপর ফোনকল বা হোয়াটসঅ্যাপ বার্তায় নিজেদের উচ্চপদস্থ সেনা বা পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। শুরুতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়, যেন সংশ্লিষ্ট ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত। ভয় ও চাপের মুখে অনেকে দ্রুত টাকা পাঠিয়ে দেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম ও জিয়াউর রহমান জানান, এক ব্যক্তি নিজেকে ‘ব্রিগেডিয়ার তৌফিক’ পরিচয় দিয়ে দাবি করেন, তাদের ফেসবুক আইডি থেকে সেনাবাহিনীর একটি গ্রুপে আপত্তিকর ছবি পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের আইডি নিয়ন্ত্রণে নিয়ে বন্ধুদের কাছে অর্থ চেয়ে বার্তা পাঠানো হয়।

আরেক ভুক্তভোগী রেজাউল চৌধুরীর কাছে কলকারী নিজেকে একটি কথিত বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আহতদের চিকিৎসার কথা বলে টাকা দাবি করে। টাকা না দিলে সন্তানের ক্ষতির হুমকিও দেয়া হয়। একই কৌশলে স্থানীয় এক সাংবাদিককেও টার্গেট করা হয়। ‘ক্রাইম ব্রাঞ্চের এসআই’ পরিচয়ে কল করে তার নম্বর ব্যবহার করে পুলিশের একটি গ্রুপে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ তোলা হয়। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এটি সুসংগঠিত চক্র। সেনাবাহিনীর পদবি ও ইউনিফর্মের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তিনি অপরিচিত নম্বরে আর্থিক লেনদেন না করা এবং এমন ঘটনা ঘটলে দ্রুত থানায় জানানোর আহ্বান জানান।