সাহায্যের আবেদন
হৃদরোগে আক্রান্ত দৃষ্টিপ্রতিবন্ধী মুন্নির বাঁচার আকুতি
Printed Edition
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
হার্টে ছিদ্র ও অকেজো ভালভ নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূ মুন্নি বেগম। দুই বছর আগে অসুস্থ হওয়ার পর থেকে চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ রয়েছে। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় আট থেকে ৯ লাখ টাকা।
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা মুন্নির স্বামী নুরুল ইসলাম পেশায় ভ্যানচালক। স্ত্রীকে সুস্থ করতে ইতোমধ্যে প্রায় ৯ লাখ টাকা ব্যয় করেছেন এবং ধারদেনায় জর্জরিত হয়েছেন। সর্বশেষ ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে অর্থসঙ্কটে তা সম্ভব হচ্ছে না।
মুন্নি জানান, প্রতিদিন প্রায় ৫০০ টাকার ওষুধ প্রয়োজন হলেও বর্তমানে সেটিও বন্ধ। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। স্বামী নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে চেষ্টা করেও সফল হননি।
জামালপুর ইউপি চেয়ারম্যান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, এককালীন অনুদানের জন্য অনলাইনে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি রোগীকল্যাণ সমিতি ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
০১৮৫১৩২৬১২৮ নম্বরে বিকাশ অথবা নগদে সাহায্যে পাঠাতে অনুরোধ করেছে ভুক্তভোগী পরিবারটি।