যুক্তরাষ্ট্রের বিপক্ষে সালমানদের প্রতিশোধ মিশন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে আজ ফের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার কলম্বোতে ‘এ’ গ্রুপে আজ সন্ধা সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে দল দু’টি। ইতোমধ্যে জয় দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে তিন উইকেটে হারিয়েছে তারা। অপর দিকে ভারতের কাছে হারলেও নিজেদের উন্নতি ও শক্তিমত্তার জানান দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত আসরে যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। অন্য দিকে পাকিস্তানের বিপক্ষে আগের জয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যেতে বদ্ধপরিকর। ২০২৪ সালের জুনে ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে তিন উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে এক উইকেটে ১৮ রান তুলে যুক্তরাষ্ট্র। ১৯ রানের লক্ষ্যে এক উইকেটে ১৩ রানে আটকে যায় পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের কাছে ওই হারে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। যা এখনো তিলে তিলে দগ্ধ করছে পাক স্কোয়াডকে। এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে সতর্ক পাকিস্তান। গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের দুঃস্মৃতি ভুলার নয়। এবার সর্তক আমরা।’ অন্য দিকে ভারতের কাছে ২৯ রানের হারা যুক্তরাষ্ট্র আজ জিততে চায় পাকিস্তানের বিপক্ষে।