অস্ত্র ছিনিয়ে নেয়া হিরোর সাথে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Printed Edition
এএফপি
বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়া হিরো আহমদ আল-আহমদের সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত রোববার সিডনির বোন্ডি সৈকতে হামলা চালায় দুই বন্দুকধারী। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহমদ আল-আহমদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই বন্দুকধারী গুলি ছুড়ছিল। তখন পাশ থেকে দৌড় দিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন আহমদ। এরপর তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। অত্যাধুনিক ওই অস্ত্র ছিনিয়ে নেয়ায় অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান।
এমন সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে সবার প্রশংসায় ভাসেন তিনি। আহমদের সাথে দেখা করে প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ‘তিনি কফি নেয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তিনি দেখতে পান তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। এরপর এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।’ বন্দুকধারীর সাথে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সার্জারি হয়েছে। তবে গুলি দেহের ভেতর থেকে যাওয়ায় তাকে আরো একবার সার্জারি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিস।