‘কথা দিয়ে কথা রাখলেন’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সালাউদ্দিন আহমেদ তার নির্বাচনী আসনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বসাধারণ উৎফুল্ল চিত্তে বলছেন, ‘কথা দিয়ে কথা রাখলেন’ সালাউদ্দিন আহমেদ। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিকে স্থানীয় সরকার বিভাগের একজন উপ-পরিচালকের উপস্থিতিতে এ সভায় এ বিষয়ে দীর্ঘ আলাপ হয়। তিনি বলেন, নিকার (ঘওঈঅজ) প্রথম সভায় মাতামুহুরী উপজেলা সংক্রান্ত গেজেট প্রকাশিত হতে পারে বলে তিনি আশস্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেয়ার পাঁচ দিনের মাথায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে পৃথক করে সাতটি ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী উপজেলা’ গঠনের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। ইউনিয়নগুলো হচ্ছে- সাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া ও বদরখালী। একই সাথে হারবাং ইউনিয়ন হতে পৃথক করে ‘উত্তর হারবাং ইউনিয়ন’ বরইতলী ইউনিয়ন হতে পৃথক করে ‘পহরচাঁদা ইউনিয়ন’ ডুলহাজারা ইউনিয়ন হতে পৃথক করে ‘মালুমঘাট ইউনিয়ন’ গঠনের কাজও শুরু করা হয়েছে।
বিগত ২৫ বছর আগে থেকে মাতামহুরী উপজেলা গঠনের লক্ষে সাংগঠনিক উপজেলা হিসেবে কার্যক্রম ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলো সাংগঠিক কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘ সময় ধরে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘মাতামুহুরী’ সাংগঠনিক উপজেলাকে নতুন উপজেলা ও তিনটি নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী মহোদয় জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে কার্যক্রম গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা করা হয়েছে। যাতে পরবর্তী পদক্ষেপ নেয়া যায়।
এদেশের মানুষ বিশ্বাস করে, সালাহউদ্দিন আহমেদ যা প্রতিশ্রুতি দেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে করবেন। সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন চকরিয়া-পেকুয়ায় হবে মনে করেন এলাকায় সাধারণ জনগণ।