সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান

জিম্মি ৪ জেলে ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

হরিণের গোশতসহ আটক ৪ শিকারি

Printed Edition

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনে পৃথক দুই অভিযানে জিম্মি করে রাখা জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ এবং হরিণের গোশতসহ চার হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। গত রোববার রাত থেকে সোমবার পর্যন্ত পরিচালিত এসব অভিযানে দস্যু দুলাভাই বাহিনীর সক্রিয়তার প্রমাণ মেলেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদে জানা যায়, সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় দুলাভাই বাহিনী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর রাত ৮টায় কোস্টগার্ড স্টেশন কয়রা থেকে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজসহ দস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই মিডিয়া কর্মকর্তা।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ময়দাপেশা খাল এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে ৭২ কেজি হরিণের গোশত, দু’টি হরিণের মাথা, ৩০০ মিটার ফাঁদসহ চরি হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দকৃত গোশত, ফাঁদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।