অবশেষে ঢাকায় আসছেন দিঠি
Printed Edition
বিনোদন প্রতিবেদক
নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবক দিঠি আনোয়ার পাঁচ মাসেরও বেশি সময় পর ১২ ডিসেম্বর দেশে ফিরছেন। চলতি বছরের জুলাই মাসে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে দু’টি ভিন্ন বিশ^বিদ্যালয়ে ও কলেজে পড়াশোনা করে। তাদের জন্যই মূলত বেশ কিছুটা সময় হাতে নিয়ে দিঠি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দুই ছেলেকে যথেষ্ট সময় দিয়ে অবশেষে বছরের শেষপ্রান্তে তিনি ঢাকায় ফিরছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থায় দেশ, দেশের মানুষ, মিডিয়া অঙ্গন, মিডিয়া রিলেটেড মানুষদের ভীষণ মিস করেছেন দিঠি আনোয়ার। দেশে ফিরেই তিনি যথারীতি তার নিয়মিত কাজে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানান। দেশে ফিরেই তিনি প্রথম গুরুত্ব দেবেন তার বাবা দেশের কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশে। দিঠি বলেন, ‘আব্বুকে নিয়ে ইউটিউব চ্যানেলেটি প্রকাশের দিকে মনোযোগ দেবো। চ্যানেলে আব্বুর বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকার, আব্বুর লেখা গান, আব্বুকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান, আব্বুকে নিয়ে বিভিন্ন জনের সাক্ষাৎকারসহ নানান কিছু এই ইউটিউব চ্যানেলে স্থান পাবে। মূলকথা, আমার আব্বুকে পরবর্তী প্রজন্মের কাছে বিষদভাবে তুলে ধরতেই এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে চাই। একজন সন্তান হিসেবে এটি আমার গুরুদায়িত্ব বলেই আমি মনে করি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে, চলচ্চিত্রাঙ্গনে আব্বুর যে অবদান তা এই জাতি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং আমার বিশ্বাস, আমীতেও প্রজন্মের পর প্রজন্ম তা মনে রাখবে।’ দিঠি জানান, ঢাকায় ফিরে তার বাবার লেখা অপ্রকাশিত কিছু মৌলিক গানের মিউজিক ভিডিওর কাজ করবেন। যে গানগুলোতে তিনি নিজে কণ্ঠ দিয়েছেন, আবার তার সাথে অপু আমানও কণ্ঠ দিয়েছেন।