ইরানের বিরুদ্ধে কুর্দিদের লেলিয়ে দিতে চান ট্রাম্প

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইরানের বিরুদ্ধে দেশটির সংখ্যালঘু কুর্দি জাতিগোষ্ঠী এবং ইরাকি কুর্দিদের ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এমনকি কুর্দি শীর্ষ নেতাদের সঙ্গে আলাপও করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই আলাপের পেছনে রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

খবরে বলা হয়েছে, গত রোববার ইরাকের কুর্দি নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে এই বিষয়ে অবগত তিনটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে।

ইরান-ইরাক সীমান্তজুড়ে কুর্দিদের হাজারো যোদ্ধা মোতায়েন আছে। তারা এমন কৌশলগত এলাকা নিয়ন্ত্রণ করে, যা যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি ইরানের কুর্দি সংখ্যালঘুদের সাথেও ইরাকের কুর্দিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দু’টি সূত্র জানিয়েছে, শনিবারের বোমা হামলা অনুমোদনের এক দিন পর ট্রাম্প ইরাকের দুই প্রধান কুর্দি গোষ্ঠীর নেতা মাসুদ বারজানি ও বাফেল তালাবানির সাথে কথা বলেন। একই তথ্য দিয়ে আরেকটি সূত্র জানায়, ইরানের দুই প্রধান কুর্দি গোষ্ঠীর নেতা মাসুদ বারজানি ও বাফেল তালাবানির সাথে তিনি কথা বলেছেন।

এই ফোনালাপের বিষয়ে অবগত একটি সূত্র একে ‘সংবেদনশীল’ বলে উল্লেখ করেছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। আরেকটি সূত্র বলেছে, এ ফোনালাপ ছিল কয়েক মাস ধরে নেপথ্যে নেতানিয়াহুর তৎপর লবিংয়ের পরিণতি। বহু দশক ধরে সিরিয়া, ইরাক ও ইরানের কুর্দিদের সাথে ইসরাইলের ঘনিষ্ঠ নিরাপত্তা, সামরিক ও গোয়েন্দা সম্পর্ক রয়েছে।

এক কর্মকর্তা বলেন, ‘সাধারণভাবে এবং বিশেষ করে নেতানিয়াহুর দৃষ্টিতে ধারণা হলো, কুর্দিরা আড়াল থেকে বেরিয়ে আসবে... তারা বিদ্রোহে উঠবে।’ ইরানে হামলা এবং রেজিম পরিবর্তনের পক্ষে ‘নিরলস’ অবস্থান নেয়া নেতানিয়াহু প্রথমবার কুর্দিদের বিষয়টি উত্থাপন করেন হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে বৈঠকে। ওই কর্মকর্তা বলেন, ‘প্রথমবার যখন তিনি এসে ট্রাম্পের সাথে ঘণ্টার পর ঘণ্টা বসেছিলেন, মনে হয়েছিল নেতানিয়াহু সবকিছু সাজিয়ে ফেলেছেন।’

তিনি আরো বলেন, ‘উত্তরসূরি বসানোর পরিকল্পনাও ছিল তার। কুর্দিদের বিষয়টিও তিনি গুছিয়ে রেখেছিলেন, এখানে-ওখানে দুই সেট কুর্দি গোষ্ঠী। কত মানুষ বিদ্রোহে উঠবে, সেটিও হিসাব কষা ছিল।’ কুর্দিদের সাথে ট্রাম্পের ফোনালাপ নিয়ে নির্দিষ্টভাবে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি অ্যাক্সিওসকে বলেন, ‘গত কয়েক দিনে প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলের বহু মিত্র ও অংশীদারের সাথে যোগাযোগ রেখেছেন।’

রোববার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত কুর্দি-ইরানিবিরোধী সংগঠন কুর্দিস্তান ফ্রিডম পার্টি ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ তোলে।