তিতাসে জামায়াত প্রার্থীর গণসংযোগ

Printed Edition
bangla-3
কুমিল্লা-২ আসনের জামায়াতের প্রার্থী নাজিমউদ্দিন মোল্লা গণসংযোগ করছেন : নয়া দিগন্ত

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজিমউদ্দিন মোল্লা বলেছেন, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গণভোট জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে আন্দোলন করছি। গত বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে গণভোটের পক্ষে গণসংযোগকালে তিনি একথা বলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, প্রতিটি ভোটই অত্যন্ত মূল্যবান। ইসলাম, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাজিমউদ্দিন মোল্লা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশব্যাপী গণভোট ক্যাম্পেইন সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। এ উপলক্ষে তিনি কর্মীদের নিয়ে লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগ করেন।

নাজিমউদ্দিন মোল্লা বলেন, বিগত সরকার নানা অনিয়ম, দুর্নীতি ও কালাকানুনের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবের পর বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। এ সনদ বাস্তবায়নে আদেশ জারি হয়েছে এবং টেকসই আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করা হয়েছে।