উলিপুরে সাড়ে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার
Printed Edition
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়িহাট এলাকায় অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়িহাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরো পাঁচ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।