ইবতেদায়ির শিক্ষক কর্মচারীরা অবসর ভাতার আওতায় আসছেন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে শুধু বেসরকারি স্কুল কলেজ কিংবা দাখিল আর আলিম মাদরাসার শিক্ষকরাই নন বরং অবসর সুবিধা ভাতার আওতায় আসছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরাও। সংশ্লিষ্টরা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইনে ব্যাপক পরিবর্তন এসেছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে। তাতে বলা হয়েছে, সংশোধনীতে বোর্ডের পরিচালনা পরিষদের গঠনে সদস্যসচিব পদাধিকার বলে চেয়ারম্যানই হতে পারবেন। আর অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরিষদে যুক্ত করা হয়েছে। একই সাথে পরিষদের ক্ষমতা কমিয়ে সুবিধা ‘প্রদানে’র জায়গায় ‘অনুমোদন’ শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা পরিচালনা পরিষদে যুক্ত হওয়ার ফলে সুবিধা বোর্ডের প্রকৃত পরিস্থিতি বুঝতে পারবেন বলে সংশ্লিষ্টদের অভিমত।

গতকাল বুধবার শিক্ষক অবসর সুবিধা বোর্ডের সংশোধিত আইনের গেজেট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। গেজেট বিশ্লেষণে আরো দেখা যায়, শিক্ষক প্রতিনিধিত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের বিধানে কর্মরত শিক্ষক শ্রেণীর প্রতিনিধিত্ব ছিল কলেজ, স্কুল ও মাদরাসা থেকে। এবার সেখানে পৃথকভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য যুক্ত করা হয়েছে। এ ছাড়াও মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পরিচালনা পরিষদে যুক্ত করা হয়েছে। আর ইবতেদায়ি মাদরাসা নতুন করে এই আইনে যুক্ত হয়েছে। ফলে ইবতেদায়ি শিক্ষকরাও অবসর সুবিধার আওতায় আসছে।