যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস পালিত

Printed Edition
bangla-2
বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সারা দেশে দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে ‘রান ফর ভিক্টরি উইথ শিবির’ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। মাইজদী বাজার থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দৌড় শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী ইসহাক খন্দকার।

যশোর অফিস জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। এতে যশোর-৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদেরসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রতিনিধি জানান, জেলা সদরসহ সাত উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়া, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে বিজয় দিবস পালিত হয়। জেলা স্কুল মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

নেত্রকোনা প্রতিনিধি জানান, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ২১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিজয় র‌্যালি এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ভিক্টোরি রাইড সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পূবালি চত্বরে গিয়ে শেষ হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভোরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়। জেলা জামায়াত ও বিএনপির পক্ষ থেকে পৃথক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনও ছিল।

নরসিংদী প্রতিনিধি জানান, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

নাটোর প্রতিনিধি জানান, জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও শহর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

নীলফামারী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম ও মুনাজাত করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল র‌্যালিও বের করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জামায়াত, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় র‌্যালি ও সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ইউএনও জাকির মুন্সি। তার সভাপতিত্বে রহনপুর আহাম্মদী বেগম সরকারি উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার উম্মে সালমা রুমি, থানার ওসি আব্দুল বারিক, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বীর মুক্তিযোদ্ধা আ: সাত্তার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রাণিসম্পদ অফিসার ওয়াসিম আকরাম, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক , প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী। এ ছাড়া মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, কৃষি অফিসার সাকলাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আব্দুল হামিদ, প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শরীফ শাওন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন, বিএনপি, প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: সাইফুল ইসলাম।

বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, যশোরের শার্শায় মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিজয় দিবস পালিত হয়।

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া বাগেরহাটের চিতলমারী, পটুয়াখালীর মির্জাগঞ্জ ও নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিজয় মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।