চাঁদার জন্য পিতা-পুত্রকে কুপিয়ে জখম ব্যবসায়ীদের বিক্ষোভ
Printed Edition
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই কাপড় ব্যবসায়ী পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ছেলেকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ির গেট সংলগ্ন একটি কাপড়ের দোকানে মানিক নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। এ সময় তার ছেলে অন্তর (২৪) চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে অন্তরের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। ছেলেকে রক্ষা করতে গেলে বাবা মানিককেও (৫২) কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা দোকান থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে থানার সামনে সমাবেশ করেন। সমাবেশে উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নাদিম আলী, আরাফাত ইসলাম রবিউল ও শ্রমিক নেতা খোকন আলীসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছে। চাঁদা না দেয়ায় এভাবে প্রকাশ্যে হামলার ঘটনা নজিরবিহীন। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর মামলা দায়ের হয়েছে এবং ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।