ধামরাইয়ে ধানের শীষে ভোট চাইলেন মুক্তিযোদ্ধারা

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিনের পক্ষে ভোট চেয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। রোববার দুপুরে ধামরাই পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।

ধামরাই মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও বাজার এলাকা ঘুরে এ প্রচার কার্যক্রম চলে। এ সময় ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। পাশাপাশি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

মুক্তিযোদ্ধারা বলেন, তারা সব সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাদের মতে, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতেই তারা মাঠে নেমেছেন। ধামরাইয়ের মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে সমর্থন করছেন বলে জানান তারা। এ ছাড়া ঢাকা ২০ আসনে মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনকে বিজয়ী করে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

প্রচার শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাবিবুর রহমান তোলা, শরিফুল ইসলাম ও সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।