চারদিকে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে

Printed Edition
বিজয় দিবস
চারদিকে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সান্ধ্য আইন চলছে। ১৯৭১ সালের আজকের এই দিনে ঢাকা থেকে কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। বিদেশী কূটনীতিকদের সরিয়ে নেয়ার জন্য আগের দিন থেকে বিমানবন্দরে হামলা বন্ধ ছিল।

এদিকে মার্কিন সপ্তম নৌবহর আসার খবরে পূর্ণ প্রস্তুতি নেয় ভারত। ভারতীয় নৌবাহিনী সপ্তম নৌবহরের তৎপরতা বিঘিœত করার জন্য চালনা থেকে কক্সবাজার পর্যন্ত ছোট বড় সব জাহাজ, নৌযানসহ উপকূলীয় অবকাঠামো এবং কক্সবাজার বিমানবন্দর অকেজো করে দেয়।

যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জাতিসঙ্ঘে যুদ্ধবিরতি এবং পূর্ব পাকিস্তান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করে। এদিন ভুট্টো জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে অত্যন্ত আবেগঘণ এক বক্তৃতা দেন। কিন্তু পরদিন সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব পাস হয়নি। যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তান শেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল।

এদিকে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী কর্তৃক একের পর এক বিভিন্ন এলাকা দখল করায় চারিদিকে মুক্তির সুবাতাস বইতে থাকে। পাকিস্তান সৈন্যদের পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকা ছেড়ে যাওয়া এবং আত্মসমর্পণ শুরু করায় বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। স্বাধীন বাংলাদেশের পতাকা পত পত করে উড়তে থাকে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে।