ঘোড়াঘাটে ৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জমি মালিকের আপত্তি
Printed Edition
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় থেকে কালুপুকুর (গোবিন্দগঞ্জ সীমান্ত) পর্যন্ত নির্মাণাধীন পাকা সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় এক হাজার ৯২০ মিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকা। ঠিকাদার আমিনুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স জেরিন অ্যান্ড ফিরোজ কনস্ট্রাকশন’ চলতি বছর কাজটি পায়।
স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী সড়কের ভিত্তিতে ৬ ইঞ্চি বালু ও ৮ ইঞ্চি বালু-খোয়া মিশ্রণ দেয়ার কথা থাকলেও বাস্তবে কম পুরুত্বে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। পানি ব্যবহার না করে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহলের আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে অল্প সময়েই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালুপুকুর মৌজার ৪, ১১, ১২ ও ১৩ নম্বর দাগভুক্ত প্রায় ৬০ শতাংশ জমির মালিকানা দাবি করেছেন আবু হানিফ দেওয়ান। তার অভিযোগ, ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তার কাজ করা হলেও তার সাথে কোনো আলোচনা করা হয়নি। বিষয়টি তিনি ঘোড়াঘাটের ইউএনও ও ভূমি কর্মকর্তাকে অবহিত করেছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।