হেলথ টিপস
বর্ষায় যে খাবার শিশুকে খাওয়াবেন না
Printed Edition
বর্ষার সময়ে পেটের রোগ তথা ডায়েরিয়ায় বেশি ভোগে শিশুরাই। বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ অনেক বেড়ে যায়। শিশুদের রোগ প্রতিরোধ মতা বড়দের তুলনায় কম থাকায় এই সময়ে তারা পেটের সমস্যায় সবচেয়ে বেশি ভোগে। তাই এ সময়টাতে শিশুদের খাওয়াদাওয়ায় বেশি নজর দেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
রাস্তার পাশের কাটা ফল এবং শরবত
রাস্তার ধারে কেটে রাখা ফল বা লাল-নীল শরবত থেকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটে থাকতে পারে। এ থেকে পেটে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি বেশি। বাজার থেকে কেনা ফলেও কীটনাশক লেগে থাকতে পারে। তাই কিনে এনে আগে দীর্ঘসময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন। ভালো করে পরিষ্কার করে তবেই দিতে হবে শিশুকে। টিফিনে ফল দিলেও গোটা ফল দিন, কেটে রাখা ফলেও ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। এমন ফল খেলে টাইফয়েড, ডায়েরিয়া ও জন্ডিসের মতো রোগ হতে পারে।
আধ সেদ্ধ খাবার
বর্ষায় গোশত এবং ডিমে ক্ষতিকর ব্যাক্টেরিয়ার সংক্রমণ বেশি হয়। তাই ডিম বা গোশত উচ্চতাপে রান্না করে তবেই খেতে হবে। আধ সেদ্ধ ডিম এ সময়ে শিশুকে না দেয়াই ভালো। খেয়াল রাখতে হবে, দোকান থেকে কেনা প্রক্রিয়াজাত বা ফ্রোজেন খাবার যেন শিশু না খায়। এর থেকেও পেটে সংক্রমণ হতে পারে।
সামুদ্রিক মাছ
বর্ষার সময়ে সামুদ্রিক মাছ থেকে সংক্রমণ ঘটতে পারে খুব দ্রুত। এই সময়ে বেশ কিছু মাছে টক্সিন জমা হয় যা পেটে গেলে বিষক্রিয়া হতে পারে। তাই বাড়িতে সামুদ্রিক মাছ রান্না করলে নিয়ম মেনে রান্না করতে হবে। খুব ভালো করে পরিষ্কার করতে হবে। সামুদ্রিক যেকোনো খাবার খুব বেশি দিন ফ্রিজে রেখে না খাওয়াই ভালো।
প্যাকেটজাত খাবার
প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত যেকোনো খাবার এই সময়ে নিরাপদ নয়। চকোলেট, কুকিজ, চিপস, নাচোসের মতো খাবার তো বটেই হটডগ, সসেজ, বেকন বা সালামির মতো প্রক্রিয়াজাত গোশত দিয়ে তৈরি খাবার খেলে পেটের রোগ হওয়ার ঝুঁকি বাড়বে। বদলে ওট্স, ডালিয়া, কিনোয়া বা বাড়িতে তৈরি চিঁড়ের পোলাও বানিয়ে দিতে পারেন শিশুকে।
ফ্রিজের বাসি খাবার
২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রেখে দেয়া ভাত, ডাল বা তরকারি ছোটদের না দেয়াই ভালো। দীর্ঘ সময় ধরে ফ্রিজে রেখে দেয়া পাউরুটি বা কেকও শিশুকে দেবেন না। মনে হতেই পারে, ফ্রিজের কনকনে ঠাণ্ডায় থাকা খাবার নষ্ট হবে না, তবে সেই খাবার বাইরে বের করা মাত্র তাতে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হবে। এমন খাবার থেকেও বিষক্রিয়া হতে পারে। ইন্টারনেট।