আদমদীঘিতে দোকানঘর ও ৯ বিঘা জমির খড় পুড়ে ছাই

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী দোকানির দোকানঘর ভস্মীভূত হয়েছে এবং এক নারীর ৯ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার গভীর রাতে দাড়িকুড়ি ও উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।

দাড়িকুড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী সুজন হোসেন জানান, জিএম ফিড মিলের সামনে টিন শেড দোকানঘর ভাড়া নিয়ে তিনি মুদি ব্যবসা করতেন। রাতে অগ্নিসংযোগের কারণে দোকানে থাকা ড্রিল মেশিন, ফ্রিজ, চাল-ডাল, সিগারেট, সাবানসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে যায়। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ হিসেবে দাখিল করেছেন।

অন্যদিকে উজ্জলতা গ্রামের আনোয়ারা বেগম জানান, পূর্বশত্রুতার জেরে তার বাড়ির পাশে পালা করে রাখা ৯ বিঘা জমির খড়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রায় ২৭ হাজার টাকার খড় সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেও তার চারটি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি জানান এবং এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।