হাসিনাপুত্র জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এসব আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ।

জয়ের বিরুদ্ধে বিজ্ঞপ্তি ও পলকের আরজি : এ দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি তুলে ধরেন। জয় পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

অন্য দিকে এই মামলার অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ জানান, জেল কর্তৃপক্ষ পলককে সপ্তাহে একদিন পরিবারের সাথে কথা বলতে এবং ১৫ দিনে একবার দেখা করতে দিচ্ছে না। তিনি এ বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি প্রার্থনা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

আনিসুল-সালমান শুনানি : গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কারফিউ দিয়ে হত্যার উসকানি দেয়ার অভিযোগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গণ-অভ্যুত্থান চলাকালে আনিসুল হক ও সালমান এফ রহমানের একটি ফোনালাপ পাওয়া গেছে, যেখানে তারা আন্দোলনকারীদের ‘শেষ করে দেয়ার’ কথা বলেন। তাদের এই উসকানিমূলক বক্তব্যের পরই সারা দেশে নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড চালানো হয় বলে প্রসিকিউশন দাবি করেছে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট গ্রেফতারের পর থেকে তারা উভয়েই কারাগারে রয়েছেন।