লালমনিরহাটে ২১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Printed Edition

আসাদুল ইসলাম সবুজ লালমনিরহাট থেকে

আসন্ন নির্বাচনে লালমনিরহাট জেলার ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় বাড়তি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, জেলার তিনটি সংসদীয় আসন; লালমনিরহাট-১, ২ ও ৩ আসনের ১১১টিকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ১০৭টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকার ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ ও ২৫টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। জেলায় মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন।

পুলিশ কর্মকর্তারা জানান, সড়ক ও যোগাযোগব্যবস্থা, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোর ঝুঁকি নিরূপণ করা হয়েছে। ‘ঝুঁকিপূর্ণ’ শব্দের পরিবর্তে প্রশাসনিকভাবে এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম-হাতীবান্ধা) একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার চার লাখ তিন হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দুই হাজার ৭০৭ জন, নারী ভোটার দুই লাখ ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দু’জন। ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ-আদিতমারী) ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৩২ হাজার ৯৬৪ জন। ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ ও ৪৮টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। লালমনিরহাট-৩ আসন (সদর) ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ এবং ১৬টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।