মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে সাইবার হামলা প্রতিরোধে নতুন পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্সকে মাইক্রোসফটের সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সাথে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছোট ব্যবসায় থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স থেকে তথ্য পাবে এবং সাইবার হামলা আরো দ্রুত ও সহজে মোকাবেলা করতে পারবে। সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলটে সাইবার হামলা বিশ্লেষণ ও ব্যাখ্যার সুবিধা দেবে। সিকিউরিটি কোপাইলট হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা সিকিউরিটি অপারেশন সেন্টার ও আইটি টিমকে থ্রেট খুঁজে বের করতে সাহায্য করে। এটি মাইক্রোসফট ডিফেন্ডার, সেন্টিনেল, ইন্টিউন, এন্ট্রা ও পারভিউয়ের তথ্য একত্র করে। এর মাধ্যমে বিশ্লেষক এবং ব্যবহারকারীরা সহজ ভাষায় প্রশ্ন করে কোনো থ্রেট বা ঝুঁকি বিশ্লেষণ ও অনুসন্ধান করতে পারবে। বিশ্বের ছয় লাখেরও বেশি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেয়ার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য এখানে ব্যবহার করেছে সফোস। এই প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি টিম প্রতি মুহূর্তে সুরক্ষা দেয়। তাই সবসময় তাদের কাছে সর্বশেষ সাইবার হুমকি-সংক্রান্ত তথ্য থাকা জরুরি। সফোস ইন্টেলিক্স মাইক্রোসফটের নতুন সিকিউরিটি স্টোরেও পাওয়া যাবে, যেখানে অন্যান্য সফটওয়্যার, সেবা ও এপিআই যুক্ত করা হয়। সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সাথেও যুক্ত হয়েছে। টিমস বা মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট চ্যাটের মতো প্রতিদিনের মাইক্রোসফট টুলের মধ্যেই সহজে হুমকি-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।