লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আজ, বর্ণিল সাজে ক্যাম্পাস

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের সমাবর্তনে ৬১৯৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন উপলক্ষে সিলেট শহরতলীর রাগিবনগরে (কামালবাজার) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছে।

চতুর্থ সমাবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন গতকাল সকালে নয়া দিগন্তকে জানান, লিডিং ইউনিভার্সিটির অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতায় চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি জানান, চতুর্থ সমাবর্তনে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।

সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত বাংলাদেশী লেখক ও গবেষক, পঞ্চব্রীহি মাল্টি-হারভেস্ট রাইস ভ্যারাইটি জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

এবারের সমাবর্তনে স্প্রিং ২০১৮ থেকে ফল ২০২৫ সেমিস্টার পর্যন্ত লিডিং ইউনিভার্সিটির চারটি অনুষদ-ব্যবসায় প্রশাসন, কলা ও আধুনিক ভাষা, সামাজিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান অনুষদের অধীনে ১০টি বিভাগ-ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, আইন, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ বিভাগের স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৬১৯৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে ।

চতুর্থ সমাবর্তনে রেজিস্ট্রিকৃত গ্র্যাজুয়েটদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল, ফাউন্ডার গোল্ড মেডেল এবং কো-ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও জানান তিনি।