সারা দেশে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Printed Edition
bangla 5
উল্লাপাড়ায় শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ। গতকাল শনিবার সারা দেশে বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গায়েবানা জানাজা, আলোচনা সভা, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ছাত্র-জনতা এই হত্যাকাণ্ডের নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর উন্মুক্ত মঞ্চে মরহুম শরিফ ওসমান হাদির রূহে মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন কারা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরই পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যার সূচনা হয়েছিল শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের মধ্য দিয়ে। ওসমান হাদি সেই ধারাবাহিকতারই সর্বশেষ শিকার।

উপজেলা জামায়াতের দফতর সম্পাদক মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। বেলা আড়াইটায় শহরের পুলিশ বক্সের সামনে এই আায়োজন করা হয়। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত গায়েবানা জানাজায় ইমামতি করেন কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া মুনাজাত করেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মফিজ উদ্দিন সায়মন।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবি প্রতিনিধি জানান, ওসমান হাদীর শাহাদতবরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রোভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক প্রমুখ।

নীলফামারী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জামায়াত অফিসে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম। আলোচনা শেষে শহীদ হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘিতে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

কক্সবাজার অফিস জানায়, শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পর্যটন শহর কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল সাড়ে ৪টায় এই গায়েবানা জানাজার আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চ। হাজারো ধর্মপ্রাণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুর রহিম নূরী, জুলাইযোদ্ধা রায়হান কাশেম, জুলাইযোদ্ধা খালেদ প্রমুখ।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এ জানাজার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সাবেক বঙ্গবন্ধু চত্বরটিকে ওসমান হাদি চত্বর ঘোষণা করেন জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।