বদলির পরও অফিস করছেন ধনবাড়ী ভূমি অফিসের জারিকারক

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন ভূমি অফিসের প্রসেস সার্ভার (জারিকারক) নুরুন্নাহারকে ঘাটাইল উপজেলা ভূমি অফিসে বদলি করা হলেও তিনি এখনো আগের কর্মস্থলেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকারি বদলির নির্দেশ কার্যকর না হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে গত ১৬ অক্টোবর জারি করা এক অফিস আদেশে নুরুন্নাহারকে বীরতারা ইউনিয়ন ভূমি অফিস থেকে ঘাটাইল উপজেলা ভূমি অফিসে বদলি করা হয় এবং সেখানে যোগ দিতে বলা হয়। তবে স্থানীয় সূত্র জানায়, তার স্থলে নতুন একজন কর্মচারী যোগদান করলেও নুরুন্নাহার এখনো বীরতারা ইউনিয়ন ভূমি অফিসেই কাজ করছেন। গত বুধবার দুপুরেও তাকে ওই কার্যালয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, বদলির পরও তাকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়ায় তিনি আগের মতোই জমি খারিজসহ বিভিন্ন কাজে প্রভাব খাটাচ্ছেন। তাদের অভিযোগ, জমির খারিজের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নুরুন্নাহার জানান, তার বদলি হয়েছে ঠিকই কিন্তু তার শিশুসন্তানের কারণে তিনি এখানেই কাজ করছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত করা হয়েছে।

বীরতারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আওয়াল উদ্দিন বলেন, নুরুন্নাহারের বদলি হয়েছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে রিলিজ দেয়া হয়নি। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মৌখিক অনুমতিতে তিনি অফিসে কাজ করছেন। ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, নুরুন্নাহারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।