অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়তাকারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্তির দাবি

Printed Edition
3rd-4
চট্টগ্রামে আইনসচিব লিয়াকত আলীর সাথে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নেতারা সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অন্তর্ভুক্তকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ। ৩০ নভেম্বর চট্টগ্রাম ই ফ্যামিলি কোর্ট উদ্বোধন করতে এলে আইন সচিব লিয়াকত আলী মোল্লার সাথে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা সাক্ষাৎকালে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানান। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন ও বেতন স্কেল নির্ধারণেরও দাবি জানান। নেতারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগ আইনের ধারক ও বাহক।

কিন্তু অধস্তন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। তাই বৈষম্য দূরীকরণের জোর দাবি জানান। আইন সচিব অবিলম্বে দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মো: হাসানুুল ইসলাম ও চট্টগ্রামের সব স্তরের বিচারকমণ্ডলী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক আকন্দ। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহা: শামসুল হক, চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ, সহ-সভাপতি মো: ইলিয়াস, বিপ্লব কুমার দাশ, আবু বকর প্রমুখ। বিজ্ঞপ্তি।