হাদিকে গুলির ঘটনা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : তারেক রহমান

Printed Edition
first-3
কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার তদন্তে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিউটে ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানাচ্ছি সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র চলছে। হাদির ওপর হামলার ঘটনা তা প্রমাণ করে।

বিএনপির উদ্বেগ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।

গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা। দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। ২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সদা সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুষ্কৃৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয় এবং গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির আশু সুস্থতা কামনা করা হয়।