সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান

দেশপ্রেমের প্রেরণায় বাংলার আকাশ মুক্ত রাখবে নব বিমানসেনারা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বাবিবা স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মো: ওমর ইবনে নোমান এবং এসি-২ রেদোয়ান আহম্মেদ যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মো: ওমর ইবনে নোমান, সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে বিমানবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো: খায়রুল বাসার, পিএসসি তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিরাসহ প্রশিক্ষণ সমাপ্তকারী রিক্রুটদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।