ডেজার্ট সংস্কৃতিতে নতুন উন্মাদনা

Printed Edition
bino-3
ডেজার্ট সংস্কৃতিতে নতুন উন্মাদনা

বিনোদন প্রতিবেদক

খাবারের কোনো নতুন ‘ট্রেন্ড’ তৈরি করতে সাধারণত মোটা অঙ্কের বিজ্ঞাপনী বাজেট আর আকর্ষণীয় ভিডিওর প্রয়োজন হয়- যেমন চকোলেট বার ভেঙে মচমচে পেস্তা-কুনাফে বের হওয়া কিংবা চকোলেটে ঠাসা কুকি টিনের লোভনীয় দৃশ্য। তবে পাকিস্তানের বাণিজ্যনগরী করাচিতে কোনো বিশাল প্রচারণা ছাড়াই ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে সাধারণ এক পেস্ট্রি ‘ড্যানিশ’। করাচির টিপু সুলতান এলাকার হাবিব সিটির এক আর্ট গ্যালারি করিডোরে প্রখর গরম ও ধীরগতির দীর্ঘ অপেক্ষাকে উপেক্ষা করে রোববারের দুপুরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দুই শতাধিক মানুষ। তীব্র তাপদাহের মধ্যেও কেউ লাইন ছেড়ে যাচ্ছেন না কেবল এক আশায়, দিনের জনপ্রিয় চিজ ও কিমার মতো ঝাল স্বাদের ‘সেভরি ড্যানিশ’ যেন শেষ না হয়ে যায়। শেফ মারিয়াম মোতিওয়ালার জনপ্রিয় পপ-আপ শপ ‘দ্য সল্টেড বাটার ক্লাব’-এর পেছনের বোর্ডে ঝোলানো হাতে লেখা মেন্যু থেকে প্রতি পাঁচ মিনিট পরপর কালিতে কেটে দেওয়া হচ্ছে একের পর এক পদের নাম। কারণ, তৈরি হওয়া মাত্রই নিমেষে বিক্রি হয়ে যাচ্ছে প্রতিটি ড্যানিশ। পাকাপোক্ত কোনো রেস্তোরাঁর নিয়মিত মেন্যুতে এটি খুব একটা দেখা না গেলেও কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো ‘ভাইরাল’ ঘটনা না হওয়া সত্ত্বেও, করাচির প্রতিটি ফুড পপ-আপে এখন সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া আইটেমের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে পেস্ট্রিটি। কিন্তু ড্যানিশ নিয়ে করাচিবাসীর এই হুট করে জেগে ওঠা উন্মাদনার কারণ কী? শেফ মোতিওয়ালার মতে, এটি অত্যন্ত চমৎকার একটি আইটেম। ক্রয়েস্যান্টের খাস্তা ও মাখনযুক্ত ভিত এমন এক অনন্য বেস তৈরি করে, যেখানে নোনতা, মিষ্টি বা ঝাল যেকোনো ফ্লেভারই মানিয়ে যায়। সাধারণ ফল ও কাস্টার্ডের বাইরে গিয়ে তিনি তৈরি করেছেন ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ কিংবা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘বেগুন ও লাবনেহ’ (ছেঁকা দই) সমৃদ্ধ ড্যানিশ। আরেক পেস্ট্রি শেফ তুবা হক জানান, করাচির খাদ্যরসিকরা এমনিতেই ক্রয়েস্যান্ট পছন্দ করেন। সেই একই খামির ব্যবহার করে মিষ্টি ও ঝাল উভয় ধরনের নতুন ফ্লেভার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার বিশাল সুযোগ রয়েছে ড্যানিশে। তাছাড়া করাচির প্রখর গরমেও এর ভেতরের পুর সহজে গলে যায় না বলে কাজের ফাঁকে বা যাতায়াতের পথে খাওয়ার জন্য এটি খুবই উপযোগী। বর্তমানে করাচির ‘স্প্রিংস’ ও ‘ফ্রেশ বাস্কেট’-এর মতো নামী-দামি বেকারিগুলোতে দেশী পাকা আমের কাস্টার্ড ড্যানিশ মিলছে। অন্যদিকে ‘ডিয়ার ক্রয়েস্যান্ট’-এ বিক্রি হচ্ছে পালং শাক ও মাশরুমের নোনতা ড্যানিশ এবং ‘টেস্ট কিচেন’-এ পাওয়া যাচ্ছে বাটার চিকেনের স্বাদযুক্ত ক্রিমি চিকেন ড্যানিশ। এমনকি অভিজাত ক্যাফে ‘ওয়াইল্ডফ্লাওয়ার’-এ ম্যানগো স্টিকি রাইস কিংবা হট ডগ ঘরানার আধুনিক ড্যানিশও কাড়াকাড়ি করে কিনছেন ভোজনরসিকরা। খাদ্য বিশেষজ্ঞদের মতে, এটি সাময়িক কোনো ঝোঁক বা সস্তা প্রচারণার ফল নয়।