বিএমডিএর উন্নয়নকাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টার

Printed Edition

রাজশাহী ব্যুরো

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন চলমান কাজ পরিদর্শন করেছেন। গতকাল সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর আওতাধীন পদ্মা নদী হতে সরমোংলা খালে ভূ-উপরিস্থ পানির সেচকার্যক্রম ও নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে সেচকাজ পরিচালনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তারা। এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি (অতিরিক্ত সচিব)। প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব মো: সারওয়ার মোশেদ (উপসচিব) উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ জনগণকে তা তিনি বাস্তবায়ন করে চলেছেন। নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন এলাকায় খাল খনন ও পয়লা মে কৃষিকার্ড বিতরণ করবে এই সরকার। দেশের মানুষের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএমডিএর বিভিন্ন কাজ পরিদর্শন করে আমি মুগ্ধ। উত্তরাঞ্চলকে শস্যভাণ্ডারে পরিণত করেছে বিএমডিএ। কৃষির মাধ্যমে একটি এলাকার চিত্র যে বদলে দেয়া যায় তা এই প্রতিষ্ঠানটি করে দেখিয়েছে। তারা খাল থেকে পানি সংগ্রহ করে চাষাবাদ করছেন, সোলারের মাধ্যমে সেচ পরিচালনা করছেন এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এ ছাড়া কৃষকের কথা চিন্তা করে বৃক্ষ রোপণসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তাই এই এলাকার কৃষকের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি, যা কৃষকের জীবন মান আরো উন্নয়ন হবে।

উপদেষ্টা রেহান আসাদ বলেন, কৃষিকার্যক্রম আরো গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ডিজিটাল উদ্যোগ নিয়েছেন। পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণকার্যক্রম উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই উদ্যোগটি কৃষি খাতের আধুনিকায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।

এসময় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রতœ, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গোদাগাড়ী সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।