রেকর্ড গড়ে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে
হোপ-গ্রিভসের ব্যাটে শেষ দিনে ক্রাইস্টচার্চ টেস্ট
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। এবার সেই উইন্ডিজের সামনে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেই লক্ষ্য তাড়ায় হাল ছাড়ছে না সফরকারীরা। শাই হোপ ও জাস্টিন গ্রেভসের ব্যাটে দারুণভাবে লড়াই চালিয়ে যাচ্ছে কিংবদন্তি ব্রায়ান লাার দেশটি। চতুর্থ দিন শেষে চার উইকেটে ২১২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ শেষ দিনে ম্যাচ জিততে হলে এখনো করতে হবে ৩১৯ রান। হাতে আছে ছয় উইকেট। আর দিন শেষে ব্যাটিংয়ে ছিলেন হোপ ১১৬ ও ৫৫ রান নিয়ে গ্রেভস।
ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে এর আগে চার উইকেটে ৪১৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আট উইকেটে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এ দিন ১৪ ওভারে চার উইকেট হারিয়ে দলীয় স্কোরে যোগ করে ৪৯ রান। পাঁচ উইকেট নেন ক্যারিবীয় পেসার কেমার রোচ।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় লাঞ্চ বিরতির আগে ১১ ওভার নিরাপদে পার করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার তেজনারায়ন চন্দরপল ও জন ক্যাম্পবেল। তবে দ্বিতীয় সেশনের প্রথম চার ওভারেই জ্যাকব ডাফির শিকারে পরিণত হয়ে বিদায় নেন তারা। ক্যাম্পবেল ১৫ করে দারুণ ক্যাচ নেন মাইকেল ব্রেসওয়েলের ক্যাচে পরিণত হন ১৫ রান করা ক্যাম্পবেল। ছয় রান করা চন্দরপল তালুবন্দী হন টম লাথামের। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২২ বলে পাঁচ রান করে ফেরেন আলিক আথানেজ। ম্যাট হেনরির বলে দ্রুতই রোস্টন চেজ ফিরলে হারের শঙ্কা বেড়ে যায় সফরকারীরা। সেখান থেকে হোপ ও গ্রেভসের অবিশ্বাস্য প্রতিরোধ। ২৭৫ বলে ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চতুর্থ দিন মাঠ ছাড়েন দুই ব্যাটার। শেষ দিনে তাদের জুটি আর কতদূর যেতে পারে- সেটিই এখন দেখার।