বর্ষসেরা আলকারাজ ও সাবালেঙ্কা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়াজগতের অন্যতম মর্যাদাপূর্ণ লরিয়াস বিশ্ব স্পের্টস অ্যাওয়ার্ড। এবারের আসরে টেনিস তারকারাই ছিলেন আলোচনার কেন্দ্রে। এবারে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার জিতেছেন কার্লোস আলকারাজ ও অ্যারিনা সাবালেঙ্কা। ২০২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন আলকারাজ। ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা বছরের শেষে পুরুষদের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের মতো দু’টি গ্র্যান্ডসø্যাম শিরোপা, যা তার বহুমাত্রিক দক্ষতার প্রমাণ।
অন্য দিকে ২৭ বছর বয়সী সাবালেঙ্কাও ছিলেন সমানভাবে উজ্জ্বল। নিউ ইয়র্কে শিরোপা জয়ের পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে পুরো মৌসুমজুড়ে ধারাবাহিকতা বজায় রাখেন। তার এই সাফল্য তাকে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, জাস্টিন হেনিন ও নাওমি ওসাকাদের কাতারে স্থান দিয়েছে।
এ দিকে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বার্সা তারকা লামিন ইয়ামাল। স্পেন জাতীয় দলের এই ১৮ বছর বয়সী ফুটবলার টানা দ্বিতীয় বছর লরিয়াস পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন, যা তাকে সর্বকনিষ্ঠ দ্বৈত বিজয়ীর মর্যাদা দিয়েছে। এ ছাড়া বর্ষসেরা দলের মর্যাদা পেয়েছে ফ্রান্স ক্লাব প্যারিস সেন্ট জার্মেই।
অন্যান্য পুরস্কারের মধ্যে জার্মান কিংবদন্তি টনি ক্রস পেয়েছেন স্পোর্টিং ইনস্পিরেশন অ্যাওয়ার্ড। আজীবন সম্মাননা দেয়া হয়েছে কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমেনিচিকে। অ্যাকশন স্পোর্টসে সেরা হয়েছেন মার্কিন স্নোবোর্ডার ক্লো কিম আর প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মধ্যে সেরা হয়েছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল আরাউজো।
এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। উল্লেখ্য, গত বছর এই সম্মান জিতেছিলেন সিমোনা বাইলসও আর্মান্ড ডুপ্লান্টিস।
বিশ্বব্যাপী সাংবাদিকদের ভোটে লরিয়াস বিশ্ব স্পের্টস অ্যাওয়ার্ডের জন্য নমিনিদের নির্ধারণ করা হয়। যেখানে লরিয়াস অ্যাকাডেমির ৬৯ সদস্যের বিচারক প্যানেল বিজয়ী নির্ধারণ করেন। ২০০০ সাল থেকে নিয়মিত এ অ্যাওয়ার্ড দেয়া হয়।