ঋতুকামিনীর অপেক্ষায় অধরা

Printed Edition
Binodon-2
ঋতুকামিনীর অপেক্ষায় অধরা

বিনোদন প্রতিবেদক

এই মুহূর্তে দেশের বাইরে আছেন চিত্রনায়িকা অধরা খান। আছেন সুদূর কানাডায়। সেখানে থেকেই তিনি অপেক্ষায় আছেন কানাডায় যাওয়ার আগে শেষ করে যাওয়া সিনেমা ‘ঋতুকামিনী’র জন্য। সিনেমাটি নির্মাণ করেছেন মাতৃত্বখ্যাত পরিচালক জাহিদ হোসেন। গত বছরই সিনেমরাটির নির্মাণকাজ শেষ হয়েছে। সিনেমাটিতে অধরার বিপরীতে আছেন টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা সজল। সজলের সাথে এটিই অধরার প্রথম কোনো কাজ। এর আগে অধরা বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন, তার মধ্যে অন্যতম হলেন সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরী। তবে সেসব সিনেমায় তিনিই ছিলেন চরিত্রানুযায়ী বেশি উজ্জ্বল। ‘ঋতুকামিনী’ নিয়েও তার প্রত্যাশার ধারাবাহিকতা এমনই। সিনেমাটিতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অধরা। অধরা বলেন, ‘ঋতুকামিনীর গল্পটা এক কথায় অন্যরকম। এ ধরনের গল্প নিয়ে আমাদের দেশে বলা যায় সিনেমা নির্মাণই হয়নি। জাহিদ ভাই অত্যন্ত গুণী একজন পরিচালক। তার মাতৃত্ব সিনেমাটি সম্পর্কে জানি, তবে দেখা হয়নি। এমন একজন গুণী পরিচালকের সিনেমাতে অভিনয় করে আমার নিজেরই বেশ ভালো লেগেছে। অনেক কিছুই শিখেছি আমি তার কাছ থেকে। সব মিলিয়ে গল্প, নির্মাণশৈলী ও প্রত্যেক শিল্পীই চমৎকার অভিনয় করেছেন। সব মিলিয়ে ঋতুকামিনী একটি পরিপূর্ণ সিনেমা যা হলে গিয়ে দেখার জন্য আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালোবাসায় সমাদৃত হবে সিনেমাটি।’ এই সিনেমায় অধরা একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি তার সাথে আরো আছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ আরো অনেকে। অধরা খান অভিনীত অন্য সিনেমাগুলো হচ্ছে- ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’। এই সবগুলো সিনেমাই মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমাতেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে অধরা অভিনীত ‘দখিনো দুয়ার’ সিনেমাটিও। এটি নির্মাণ করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড।