মধ্যপ্রাচ্যে হামলা ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেড ক্রস

Printed Edition

এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলে এক ভয়াবহ ও বিপজ্জনক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক। আইসিআরসি প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক সব পক্ষকে যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।

একই সাথে আরো মৃত্যু ও ধ্বংসযজ্ঞ রোধে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের অনুরোধ জানান তিনি। এক বিবৃতিতে স্পোলজারিক বলেন, ‘মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এই অঞ্চলে একটি বিপজ্জনক চেইন রিঅ্যাকশন বা প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ওপর ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধের নিয়ম মেনে চলা কোনো পছন্দ নয়; বরং এটি একটি বাধ্যবাধকতা। আন্তর্জাতিক সশস্ত্র সঙ্ঘাতের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে জেনেভা কনভেনশনের চারটি ধারা মেনে চলা জরুরি।’

আন্তর্জাতিক মানবিক আইনের অভিভাবক হিসেবে কাজ করে আইসিআরসি। এই আইনের মূল লক্ষ্য হলো সশস্ত্র সঙ্ঘাতের ক্ষতিকর প্রভাব সীমিত রাখা। যারা সরাসরি যুদ্ধে অংশ নেয় না, তাদের সুরক্ষা দেয়া এবং যুদ্ধের পদ্ধতি ও কৌশলের ওপর সীমাবদ্ধতা আরোপ করা এই আইনের কাজ। স্পোলজারিক বলেন, ‘হাসপাতাল, ঘরবাড়ি ও স্কুলের মতো বেসামরিক স্থাপনাগুলোকে অবশ্যই হামলার বাইরে রাখতে হবে। চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকারীদের নিরাপদে কাজ করার সুযোগ দিতে হবে।’

এ দিকে বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, তারা ত্রাণ সহায়তা এবং লজিস্টিক সরবরাহ ব্যবস্থা প্রস্তুত রাখছে। জেনেভাভিত্তিক এই সংস্থাটি জানায়, ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের স্বেচ্ছাসেবক, চিকিৎসাসেবা, দ্রুত সাড়াদানকারী দল এবং অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলোকে সক্রিয় করেছে। তারা মিনাব এলাকার একটি স্কুলে হামলার পর সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে।