১৩ ঊর্ধŸতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) (পলাতক) মহা: আশরাফুজ্জামান, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো: মনিরুল ইসলাম।
এ ছাড়াও পুলিশ সদর দফতরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো: মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল হোসেন, পুলিশ সদর দফতরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো: আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো: আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর।