সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

৩৮ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডনপ্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার ভোরে একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। লন্ডনপ্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন তিনি। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ডাকাতদল ঘরে প্রবেশ করে হাফিজুর রহমান হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশী মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্সে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াস রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, পারিবারিক আদালতের বিচারক, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সব থানার অফিসার ইনচার্জসহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দফতরের দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত বিধান, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আসামি ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতকরণ পুলিশ হেফাজতে রক্ষিত আলামতসমূহ নিষ্পত্তিকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আসামিকে প্রবেশনে প্রেরণসহ কিশোর গ্যাং রোধে করণীয় বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়। মাদারীপুর প্রতিনিধি।

শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাঁশখালীতে এনজিও সংস্থা হিড বাংলাদেশের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং জিপিএ-৪ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে সংস্থাটির উপজেলা কার্যালয়ে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ সরকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার লেবিও বৈদ্য, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কান্তি তালুকদার, সংস্থাটির চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক হিসাবরক্ষক অসিত কুন্দা, শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র সামন্ত, পুকুরিয়া শাখা ব্যবস্থাপক সুজন আলী প্রমুখ। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।

স্বর্ণের বারসহ নারী আটক

ভারতে পাচারকালে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আলীপুর (বাঁকাল চেকপোস্ট) এলাকা থেকে এ স্বর্ণসহ তাকে আটক করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। আটক নারী চোরচালানির নাম মোছা: শিউলী আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মো: জুবায়ের হোসেনের স্ত্রী। বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি চালান সাতক্ষীরা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি অভিযানিক দল বাঁকাল চেকপোস্টসংলগ্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। এ সময় বিকেল ৫টার দিকে ইজিবাইকযোগে শহরের খুলনা রোড মোড় হতে ভোমরা সীমান্ত এলাকার দিকে গমনকালে আলীপুর (বাঁকাল চেকপোস্টসংলগ্ন) নামক স্থান হতে আভিযানিক দল সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোছা: শিউলী আক্তারকে থামিয়ে নারী সৈনিক দ্বারা তল্লাশি করে তার কাছ থেকে দু’টি স্বর্ণের বার উদ্ধার

করে। সাতক্ষীরা প্রতিনিধি।

ইয়াবাসহ ২ যুবক আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে নিবির আহামেদ (২১) ও মো: নজরুল ইসলাম (৩২)-কে আটক করা হয়। এ বিষয়ে মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। মধ্যনগর (সুনামগঞ্জ)।

ঘুমের ওষুধ খেয়ে ছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে লিপি (২৪) নামে ডিগ্রি তৃতীয় বর্ষের এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পীরগঞ্জ হাসপাতালের ডা: ওয়ারিস ইয়াজদানি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তার পাকস্থলী ওয়াশ করে চিকিৎসা দিলেও শুক্রবার সকালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তার ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে তার বাবা বিয়ের জন্য ছেলেপক্ষকে দেখতে আসার কথা জানান। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানালে পারিবারিকভাবে চাপ সৃষ্টি করা হয়। এতে অভিমান করে রাতেই তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।