ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন বিজিবি প্রধানের

Printed Edition

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফরিদপুর ও মুন্সীগঞ্জে বাহিনীর নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন।

তিনি গতকাল ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মুন্সীগঞ্জে শ্রীনগর বেলতলী জি. জে. হাই স্কুলে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন ও দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পাশাপাশি কোনো দুষ্কৃতকারী বা কুচক্রীমহল যাতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থান নেয়ার নির্দেশ এবং নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি বিজিবির সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।