গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে : নাহিদ ইসলাম

Printed Edition
back-4
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনৃষ্ঠানে নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনের সারিতে থাকা নেতৃত্বের একটি বড় অংশ বর্তমানে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন মূলত মাঠের সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব গড়ে উঠেছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার ফল হিসেবেই জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় দলটির ভিত্তি অনেক মজবুত।’ দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশী কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে দলের আদর্শ ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও আন্দোলন আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করেছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এ ছাড়া জুলাইয়ের অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে তা তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে নিরপেক্ষ গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য বড় অর্জন। এই ফলাফল প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। দেশে এখন সংস্কারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে, এনসিপি সেই চাহিদা পূরণে কাজ করছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো: মাহাবুব আলম, আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা। আয়োজকরা জানান, আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত ‘এনসিপির যাত্রা’ বইটিতে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা, রাজনৈতিক যাত্রা, আন্দোলন-সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।