প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে গতকাল মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে কিউই পেসার ব্লেয়ার টিকনার ও মাইকেল রে’র অসাধারণ বোলিং নৈপুণ্যে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। তবে দিন শেষে কাঁধের ইনজুরিতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্লেয়ার টিকনার। এতে হতাশা দেখা দিয়েছে ব্ল্যাকক্যাপস শিবিরে।

ক্রাইস্টচার্চে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ড্র করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা এ দিন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। টম লাথাম সাত ও ডেভন কনওয়ে ১৬ রানে ব্যাটিংয়ে ছিলেন। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ১৮১ রানে।

সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় উভয় দল ওয়েলিংটনে জয়ের আশায় মাঠে নামে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে শুরুটা ভালোই করে ক্যারিবীয়রা। দলীয় ৬৬ ও ব্যক্তিগত ৩৩ রানে টিকনারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কিং। একইভাবে শূন্য রানে কাভেম হজকেও সাজঘরে ফেরান টিকনার। ৬৬ রানেই দ্বিতীয় উইকেটের পতন। দলীয় ৯৩ রানে মাইকেল রে’র শিকারে পরিণত হন ৪৪ রান করা ওপেনার জন ক্যাম্পবেল। এরপর অধিনায়ক রোস্টন চেস ও শাই হোপ দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এ জুটি ৬০ রানের বেশি করতে পারেনি। টিকনারের বলে বোল্ড হওয়ার আগে হোপ দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন। ১৫৩ রানে পতন হয় চতুর্থ উইকেটের। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলে তাকে ফেরান মাইকেল রে।