জগন্নাথপুরে ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Printed Edition

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৪টার দিকে পৌর শহরের ছিক্কা জামে মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য মতে জানা গেছে।

আগুনের লেলিহান শিখা দেখে ও মসজিদের মাইকে আগুনের সংবাদ শুনে ব্যবসায়ীসহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার বিষয়ে কেউ সঠিক করে কিছু বলতে না পারলেও বিদ্যুতের শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে বরে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

শান্তিনগর বাজার সেক্রেটারি বিল্লাল মিয়া জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হয়। ব্রিজ পারাপারের সমস্যার কারণে গাড়ি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছাতে পারবে না বলে ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়। পরে বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে সকাল ৬টায় দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।