ইউরোপে নিরাপত্তা সঙ্কট

জার্মানিতে ১৮ বছর বয়সীদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবা ফিরছে

Printed Edition

বিবিসি

জার্মান পার্লামেন্টে ভোটের মাধ্যমে ১৮ বছর বয়সী তরুণদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবা কর্মসূচি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ কর্মসূচি আগামী বছর থেকে কার্যকর হবে এবং তরুণদের ছয় থেকে বারো মাসের জন্য সামরিক প্রশিক্ষণ ও সেবা দেয়ার সুযোগ থাকবে। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে নিরাপত্তা সঙ্কটের কারণে জার্মান সেনাবাহিনীকে আরো শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে সেনাবাহিনীতে জনবল ঘাটতি রয়েছে, যা পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যান্সেলর ওলাফ শলৎস এ সিদ্ধান্তকে ‘দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তরুণদের সামরিক প্রশিক্ষণ শুধু সেনাবাহিনীর জন্য নয়, বরং সমাজের জন্যও উপকারী হবে। এতে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা বাড়বে। তবে বিরোধী দলগুলো এ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এটি তরুণদের ওপর অযথা চাপ সৃষ্টি করবে এবং শিক্ষাজীবন ব্যাহত করতে পারে। মানবাধিকার সংগঠনগুলোও সতর্ক করেছে, স্বেচ্ছাসেবী কর্মসূচি যেন বাধ্যতামূলক রূপ না নেয়। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক সেবা ২০১১ সালে বাতিল করা হয়েছিল। এরপর থেকে সেনাবাহিনী পেশাদার সদস্যদের ওপর নির্ভরশীল ছিল।