ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition
3rd-5
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল : নয়া দিগন্ত

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে সিভিল সার্জনদের সাথে জুম মিটিং করেছি। তাদের বলেছি অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তা ছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্যব্যবস্থায় যে শূন্যপদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে যেখানে যেটা প্রয়োজন। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সব সেবা সেখান থেকে নিতে পারে। তা ছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে পড়ে আছে সেসব চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল-জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ওসি মো: শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ সরকারি সব দফতরের কর্মকর্তারাসহ রাজনৈতিক নেতারা।