রাঙ্গুনিয়ায় ডাক্তার ও কেমিস্টদের সাথে দাঁড়িপাল্লার প্রার্থী ডা: রেজাউল করিমের মতবিনিময়

Printed Edition

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট অঞ্চলের ডাক্তার ও কেমিস্টদের সাথে মতবিনিময় সভা করেছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম। বৃহস্পতিবার সকালে রানীরহাটের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: এ টি এম রেজাউল করিম বলেন, ‘রাঙ্গুনিয়ার স্বাস্থ্যসেবাকে আরো আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ডাক্তার, কেমিস্ট ও স্বাস্থ্যকর্মীরা একসাথে কাজ করলে রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেয়া সম্ভব।’

তিনি আরো বলেন, ‘নতুন হাসপাতাল, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, আধুনিক ল্যাব সুবিধা, জরুরি মেডিক্যাল সার্ভিস বিস্তারের মাধ্যমে একটি সুগঠিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা আমার অঙ্গীকার।’ সভায় সভাপতিত্ব করেন ডা: অলক চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব নুরুল আবচার, ডা: মোহাম্মদ মামুন, ডা: দীপক, ডা: শুধাম চন্দ্র শীল, ডা: মাহবুবুর রহমান, ডা: খাইরুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।