রাজধানীতে দেশীয় অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ চার জন ও ওয়ারী থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন ও উত্তরা পূর্ব থানা এলাকায় থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতাকল শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনী সূত্রে এসব তথ্য জানা যায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাং সদস্য ও চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় দেশীয় অস্ত্রসহ মো: সুজন বেপারী (২৭) ও মো: রাব্বি (২২) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের সময় গ্রেফতার এড়াতে তারা একটি দুইতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
একই রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মো: বুলু (৪০) ও মো: শাহাবুদ্দিন (২৪) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা চিহ্নিত মাদক কারবারি ‘চুয়া সেলিম’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ৩২ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
ডিএমপি জানায়, ওয়ারী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৬৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। শুক্রবার রাতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ও মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফাতেমা আক্তার একটি সঙ্ঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ডিএমপি আরো জানায়, উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শাহ আলম (৪৭), মো: সোহেল রানা (৩০), মো: রাকিবুল হাসান (৩০), মো: ফারদীন ইসলাম (১৯), রাকিবুর হাসান (১৯), স্বাধীন প্রামানিক (৪১), মো: সুজন মিয়া (২৫), মো: সিয়াম আহমেদ, মো: লিটন মিয়া (২৭) ও মো: সোহেল রানা (১৯)। এ সময় গ্রেফতারকৃত শাহ আলমের হেফাজত থেকে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলমকে উত্তরা পূর্ব থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।