ইসরাইলের ওপর ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Printed Edition

কোরিয়া টাইমস

ইসরাইলি বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। অধিকৃত পশ্চিমতীরে একটি ভবনের ছাদ থেকে এক ফিলিস্তিনির লাশ ফেলে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লি জে-মিয়ং লিখেছেন, অন্তত একবার হলেও সারা বিশ্বের মানুষের সমালোচনার কথা ইসরাইলের ভেবে দেখা উচিত। বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এসব অবিরাম কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ অবর্ণনীয় কষ্ট পাচ্ছে। তিনি আরো ইঙ্গিত দেন যে, এসব ঘটনার সমালোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

মূলত ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পাল্টা পোস্টের পর প্রেসিডেন্ট লি এই মন্তব্য করেন। ওই পোস্টে ইসরাইলি পক্ষ দাবি করে, ২০২৪ সালের একটি পুরনো ঘটনাকে নতুন হিসেবে উপস্থাপন করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে লি জে-মিয়ং তার অবস্থানে অনড় থেকে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন।

এই অভিযোগের পরই লি জে-মিয়ং প্রতিক্রিয়া দেন। এর আগে গত শুক্রবার লি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘ইসরাইলি সেনারা একজন ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে তাকে ছাদ থেকে ফেলে দেয়।’ এক্সে একটি পোস্টে লি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা এবং কী পদক্ষেপ নেয়া হয়েছে তা মূল্যায়ন করা প্রয়োজন।